আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের সমর্থকরা।বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। প্রচারণার অংশ হিসেবে তিনি নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণযোগাযোগ ও পথসভা করেন।এ সময় তিনি এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,“আমার পেছনে অত্যাচারী ও সন্ত্রাসীদের হাঁটার কোনো সুযোগ নেই। নোয়াপাড়া ইউনিয়নকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার জন্য আপনারাই আমাকে সুযোগ দিন।”তিনি আরও বলেন,“জাতীয়তাবাদী দল কখনোই সন্ত্রাস কিংবা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী দল।”দীর্ঘদিন পর নির্বাচনী প্রচারণা শুরু করতে গিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, “অনেকদিন পর নির্বাচনী মাঠে নেমে মানুষের কাছে আসতে পেরে একটু ভিন্নরকম অনুভূতি হচ্ছে। তবে আমরা চেষ্টা করবো জনগণকে নির্বাচনী পথে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে।”
বর্তমান নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ। আমার রাজনৈতিক জীবনে এমন একটি নির্বাচনের মুখোমুখি আগে কখনো হইনি। এটি কেবল একটি নির্বাচন নয়, এটি জাতীয় অস্তিত্বের নির্বাচন।”একইদিন সকাল ৯টায় রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাউজান উপজেলা আমীর ও চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু। প্রচারণাকালে তিনি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।প্রচারণা চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।তিনি বলেন, “রাউজানবাসী দীর্ঘদিন ন্যায়বিচার,সুশাসন ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা চাই দুর্নীতিমুক্ত,ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে। জনগণের সমর্থন পেলে রাউজানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এইদিকে দুপুরে কদলপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-০৬ (রাউজান) সংসদীয় আসনের মোমবাতি প্রতীক প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে কদলপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন।প্রচারণাকালে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, “রাউজানের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।” তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মোমবাতি প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা চালান। গণসংহতি আন্দোলন রাউজান উপজেলা সমন্বয়ক খালেদ আহমেদ জানায়, সকাল ১১টায় নিজ গ্রাম বাগোয়ান ইউনিয়ন থেকে পারিবারিক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাউজান–৬ আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন তালুকদার ।তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের কাছে মাথাল” প্রতীক মার্কায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।সরেজমিনে দেখা গেছে,এলাকাজুড়ে মাইকিং, লিফলেট বিতরণ এবং পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় সরব হয়ে উঠেছে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর রাউজানে প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ ফিরেছে। প্রার্থীদের সরাসরি কথা শোনার সুযোগ পাচ্ছেন ভোটাররা,তুলে ধরছেন নিজেদের প্রত্যাশা ও এলাকার সমস্যা।তবে প্রচারণাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।