
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমে প্রয়াত জনবান্ধব সমাজসেবক, বর্ষীয়ান আইনজীবী,দক্ষ সংগঠক এবং সেবাশ্রমের সফল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণে ভোগ,পূজা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে গত ১২ জুন অনুষ্ঠিত এই কর্মসূচিতে সেবাশ্রমের ভক্তবৃন্দ,শুভানুধ্যায়ী,এলাকাবাসী এবং পরৈকোড়া, আনোয়ারা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি প্রয়াত এই ব্যক্তিত্বের কর্মময় জীবন,দূরদর্শী নেতৃত্ব,সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সনাতনী সমাজের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের নানা দিক স্মরণ করা হয়।স্মরণসভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর প্রয়াণে শুধু পরৈকোড়া বা আনোয়ারাই নয়,সমগ্র চট্টগ্রাম একটি প্রজ্ঞাবান,সাহসী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারিয়েছে। সনাতনী সমাজের অধিকার আদায় এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ,দক্ষিণ জেলা চট্টগ্রামের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী। এছাড়া বক্তব্য দেন আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক কাঞ্চন চক্রবর্তী,পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি মিলন রায় চৌধুরী,সদস্য অজিত দাশ,ভবতোষ চক্রবর্তী,মানু চক্রবর্তী,লিটন ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্টজন।বক্তারা তাঁদের স্মৃতিচারণায় বলেন,জীবনের শেষ সময় পর্যন্ত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী সমাজ সংস্কার,ধর্মীয় উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা ও কর্মপরিকল্পনা করে গেছেন। মানুষের যেকোনো প্রয়োজনে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।তাঁর আদালত ভবনের চেম্বার ছিল সাধারণ মানুষের আস্থা ও পরামর্শের অন্যতম কেন্দ্র।স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রয়াতের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী প্রান্তিক চক্রবর্তী এবং ভাতুষ্পুত্র অ্যাডভোকেট চন্দন চক্রবর্তী। তাঁরা তাঁদের বক্তব্যে হরিপদ চক্রবর্তীর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে বলেন,প্রতিকূল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দৃঢ়তা, প্রজ্ঞা ও নৈতিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। একজন সফল আইনজীবীর পাশাপাশি তিনি ছিলেন সমাজনেতা, সংগঠক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ এক অনুকরণীয় ব্যক্তিত্ব।অনুষ্ঠানের ধর্মীয় ও সাংস্কৃতিক পর্বে বেদপাঠ এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পারিজাত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অসীম চক্রবর্তী।
স্মরণসভা শেষে প্রয়াত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা তাঁর আদর্শ,কর্মনিষ্ঠা ও মানবসেবার চেতনাকে ধারণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply