
রাউজানের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানে সর্বাধিক খুনের ঘটনায় বলেছেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যেকোনো কিছুর বিনিময়ে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। গতকাল রবিবার সন্ধ্যায় গহিরা নিজ বাড়িতে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কয়েকটি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। আমার সংসদীয় আসন রাউজানে হালদা নদী, ডাবুয়া খাল ও সর্তা খাল ভেঙে চিকদাইর, ডাবুয়া পাহাড়তলী, বাগোয়ান ও নোয়াপাড়া আংশিক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক, ব্রিজ ও মানুষের ঘরবাড়ি পানির স্রোতে তলিয়ে গেছে। পোল্ট্রি খামারিদের ক্ষতি হয়েছে। পানি বন্দি হয়েছে হাজারো মানুষ। আমি পানি বন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি। প্রতিদিন দুই হাজার মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আমার পরিবারের সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমি চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক মানবিক কর্মকাণ্ডে। তিনি বলেন,সরকার এ উপজেলার জন্য ১০ লাখ টাকা ও ১০ টন চাউল বরাদ্দ দিয়েছে। ব্যক্তিগত ভাবেও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসনকে ৪৮ ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পেলে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কাজ গুলো দ্রুত শেষ করতে হবে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এম এ হালিম, উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা, ফিরোজ আহম্মদ মেম্বার,সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, হাবিবুল্লাহ মাস্টার প্রমুখ। এর আগে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বন্যা কবলিত পূর্ব গুজরা ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান করেন। এরপর উপজেলা প্রশাসনের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply