
চট্টগ্রামের রাউজানে ঝড়ো হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে বনমালী দাশ (৪২) প্রকাশ শংকর নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ২৭ মে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাউজান-নোয়াপাড়া সেকশান ১ সড়কের বদুমুন্সিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহত বনমালী দাশ উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জলদাশ পাড়া গ্রামের সতীশ মাস্টারের বাড়ির মৃত খজেন্দ্র জলদাশের পুত্র। বিবাহিত জীবনে সে দুই পুত্র সন্তানের জনক।প্রত্যক্ষদর্শীরা জানান,নোয়াপাড়া পথেরহাট থেকে যাত্রী নিয়ে মগদাই সিএনজি স্টেশনে আসার পথে কালবৈশাখী ঝড়ে সড়কে ভেঙ্গে পড়া একটি গাছের ডাল সরাতে সিএনজি থেকে নামার পর তার মাথার উপর আরেকটি গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে ঢলে পড়ে তিনি। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বেলা আড়াইটার দিকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে তার পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।স্থানীয়রা জানান, শান্ত স্বভাবের বনমালী দাশ ১০/১২ বছর ধরে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply